৩৬ হাজার কর্মসংস্থানের আশা

আনোয়ারায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন

আনোয়ারায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ-চীন যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ) দেশের শিল্পায়ন, বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৭ জুলাই) আনোয়ারায় কর্ণফুলী নদীর পূর্ব তীরে সিইআইজেড-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের সরকার-টু-সরকার (জি-টু-জি) উদ্যোগ এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-এর আওতায় বাস্তবায়িত এই প্রকল্প দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি, বহুমুখী শিল্পায়ন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, “আনোয়ারার এই মাটিতে সিইআইজেড-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আমরা শুধু একটি প্রকল্পের কাজ শুরু করছি না, বরং বাংলাদেশের শিল্প রূপান্তরের নতুন অধ্যায়ের সূচনা করছি।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, এই শিল্পাঞ্চলে অবকাঠামো ও শিল্প স্থাপনে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের দ্রুত সেবা নিশ্চিত করতে সরকার শিগগিরই শতভাগ কার্যকর সিঙ্গেল উইন্ডো সার্ভিস চালু করবে। পাশাপাশি শিল্পায়নের সঙ্গে শ্রমিকদের আবাসন, পরিবেশ সংরক্ষণ এবং দক্ষ জনবল তৈরির বিষয়েও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রায় ৭৭৬ একর (৩১৪.৩৯ হেক্টর) এলাকাজুড়ে গড়ে ওঠা এই অর্থনৈতিক অঞ্চলে ৩৬ হাজারের বেশি মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। এখানে তৈরি পোশাক, টেক্সটাইল, বায়ো-ফার্মাসিউটিক্যালস, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং চামড়াজাত শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, কর্ণফুলী টানেল থেকে মাত্র ৭০০ মিটার, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২ কিলোমিটার দূরে হওয়ায় প্রকল্পটির লজিস্টিক সুবিধা অত্যন্ত অনুকূল। পরিবেশ সুরক্ষায় এখানে আন্তর্জাতিক মানের সেন্ট্রাল এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (CETP) ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ করা হবে।

বিনিয়োগকারীদের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা, নিরাপদ পরিবহন ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সভাপতিত্ব করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সারোয়ার জামাল নিজাম, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের ভাইস চেয়ারম্যান লি চ্যাংগুই, বাংলাদেশ CEIZ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ানসহ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।