নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের আধুনিক চিড়িয়াখানায় রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, চিড়িয়াখানাটি শুধু বিনোদনের কেন্দ্র নয়, প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং জীববৈচিত্র্য বিষয়ে জনসচেতনতা তৈরির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্ম, বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশের প্রাণীসম্পদ, তাদের জীবনযাপন, বৈশিষ্ট্য এবং পরিবেশগত গুরুত্ব সম্পর্কে বাস্তব ধারণা দিতে চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে।
তিনি বলেন, আধুনিক চিড়িয়াখানার উদ্দেশ্য শুধু প্রাণী প্রদর্শন নয়; বরং প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা, পরিবেশ সচেতনতা এবং স্বাস্থ্যকর বিনোদনের সমন্বিত পরিবেশ নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে চট্টগ্রাম চিড়িয়াখানায় আধুনিক অবকাঠামো, উন্নত ব্যবস্থাপনা, দর্শনার্থীবান্ধব পরিবেশ এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম চালু করা হবে।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, দেশের অন্যান্য চিড়িয়াখানাকেও পর্যায়ক্রমে আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। দর্শনার্থীদের চাহিদা বিবেচনায় এগুলোকে আরও আকর্ষণীয় ও শিক্ষামুখী করে গড়ে তোলা হবে, যাতে শিশু-কিশোর ও তরুণরা প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে পারে।
তিনি জানান, চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রাণীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসস্থল নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো হবে। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটিকে একটি আকর্ষণীয় ও মানসম্মত বিনোদনকেন্দ্রে পরিণত করারও পরিকল্পনা রয়েছে।
চিড়িয়াখানা পরিদর্শনের সময় চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।