নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।
এর মধ্যে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন।
এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।
সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।
যেভাবে ফল জানা যাবে
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে শিক্ষার্থীদের জানাতে পারবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন।
মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এসএমএসে লিখতে হবে:
SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬
উদাহরণ: SSC DHA 123456 2026
পুনর্নিরীক্ষণের সুযোগ
প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী সংক্ষুব্ধ হলে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে।
এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা সংবাদপত্র কার্যালয়ে সরাসরি গিয়ে ফলাফল সংগ্রহের সুযোগ নেই।