নওগাঁ প্রতিনিধি : সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের ১২ জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার কয়েকজন শ্রমিক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নিহতরা সবাই বাংলাদেশি নাগরিক।
আগুনে পুড়ে যাওয়ায় নিহতদের মরদেহ শনাক্ত করতে জটিলতা দেখা দিয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
কারখানাটির মালিক সাইদুল ইসলাম নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের খরসাটা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ছুটিতে বাংলাদেশে অবস্থান করছেন। স্থানীয় সাংবাদিকদের তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় শ্রমিকরা কারখানায় বিশ্রামরত ছিলেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
সাইদুল ইসলাম জানান, তার কারখানায় মোট ১৯ জন কর্মচারী কাজ করতেন। অগ্নিকাণ্ডের সময় ১৬ জন শ্রমিক সেখানে অবস্থান করছিলেন এবং তারা সবাই আগুনে মারা যান।
এদিকে রোববার দিবাগত রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানিয়েছেন, নিহত ১৬ জনের মধ্যে এখন পর্যন্ত আত্রাই উপজেলার ১০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
নিহতদের পরিচয় শনাক্ত ও মরদেহ দেশে ফেরত আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
এদিকে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশিদের মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে কোন উপজেলার কতজন নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।