মুক্তমন রিপোর্টার : যশোরের কেশবপুর উপজেলার ব্যস্ততম কেশবপুর-বেতগ্রাম সড়কের ভালুকঘর থেকে চিংড়া বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৫ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। এতে প্রতিদিন চলাচলকারী মানুষ ও যানবাহনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশ ভেঙে ছোট-বড় গর্তে পরিণত হয়েছে। বৃষ্টির মৌসুম শুরু হলে এসব গর্তে পানি জমে দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করছেন তারা। দ্রুত সংস্কার করা না হলে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।
গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে কেশবপুরের পাশাপাশি পার্শ্ববর্তী মনিরামপুর এবং সাতক্ষীরা জেলার তালা ও কলারোয়া উপজেলার মানুষও নিয়মিত চলাচল করেন। সড়কটি ব্যবহার করেন দুই জেলার চার উপজেলার অর্ধশতাধিক গ্রামের মানুষ।
স্থানীয়রা জানান, শ্রীরামপুর থেকে চিংড়া বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৬ কিলোমিটার সড়কের মধ্যে সম্প্রতি প্রায় ১ কিলোমিটার অংশ জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়েছে। তবে বাকি প্রায় ৫ কিলোমিটার অংশের অবস্থা এখনও নাজুক। সড়কের এমন অবস্থায় প্রতিদিন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
ভুক্তভোগীদের প্রশ্ন, সড়কটি সংস্কারের জন্য আর কতটা খারাপ হওয়ার অপেক্ষা করতে হবে? তাদের দাবি, দ্রুত সংস্কারের মাধ্যমে গুরুত্বপূর্ণ এ সড়কটি মানুষের নির্বিঘ্ন চলাচলের উপযোগী করা হোক।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার আওয়ালুর রহমান বলেন, কেশবপুর-বেতগ্রাম সড়কটি জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। ৭ কিলোমিটার সড়কের মধ্যে সম্প্রতি দেড় কিলোমিটার সংস্কার করা হয়েছে। বাকি সাড়ে ৫ কিলোমিটার সড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় দ্রুত সংস্কার করা হবে।
তিনি আরও বলেন, সড়কটি একটি মেগা প্রকল্পের অন্তর্ভুক্ত। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু করা হবে।