রেজুখাল চেকপোস্টে ৫,২০০ ইয়াবাসহ নারী আটক

রেজুখাল বিজিবি চেকপোস্টে উদ্ধার করা ৫ হাজার ২০০ পিস ইয়াবা
রেজুখাল বিজিবি চেকপোস্টে উদ্ধার করা ৫ হাজার ২০০ পিস ইয়াবা

মুক্তমন রিপোর্টার : কক্সবাজারের টেকনাফ-মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ শাবনুর (২৮) নামে এক নারীকে আটক করেছে ৩৪ বিজিবি।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশির সময় তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে রেজুখাল চেকপোস্টে সিএনজিটিতে তল্লাশি চালানো হয়। এ সময় শাবনুরের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। পরে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক শাবনুর টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মাঝেরপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা।

এ ঘটনায় আটক নারীকে উদ্ধার করা ইয়াবাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।