চরম ভোগান্তিতে যাত্রীরা

৫০ কিলোমিটার ছাড়িয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

৫০ কিলোমিটার ছাড়িয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

কুমিল্লা ব্যুরো : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের ঢাকামুখী লেনে কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত এ যানজট ছড়িয়ে পড়েছে। এতে হাজার হাজার যানবাহন আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া যানজট শনিবার সকালেও স্বাভাবিক হয়নি। বিশেষ করে দীর্ঘ সময় ধরে যানজটে আটকে থাকায় দূরপাল্লার বাসের যাত্রীদের পাশাপাশি বিদেশগামী যাত্রীরাও বিপাকে পড়েছেন।

সংশ্লিষ্টরা জানান, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সংস্কারকাজকে কেন্দ্র করেই যানজটের সূত্রপাত। ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় শুক্রবার বেলা ১১টার দিকে সেখানে জরুরি সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ।

সংস্কারকাজের সময় মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অপর লেন দিয়ে উভয় দিকের যানবাহন পর্যায়ক্রমে চলাচলের ব্যবস্থা করা হয়। এতে যানবাহনের স্বাভাবিক গতি কমে যায়। সময়ের সঙ্গে মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকায় একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শনিবার সকালে অতিরিক্ত যানবাহনের চাপ এক লেন দিয়ে সামাল দেওয়া সম্ভব না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে যানজট নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর থেকে কুমিল্লার চান্দিনা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

দীর্ঘ সময় যানজটে আটকে থাকা স্টার লাইন পরিবহনের চালক ইয়াহিয়া বলেন, শুক্রবার মধ্যরাত থেকে তাঁরা যানজটে আটকে আছেন। দীর্ঘ সময় একই অবস্থায় থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ জানান, কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যানজট তৈরি হয়েছে। তিনি প্রায় আট ঘণ্টা ধরে যানজটে আটকে থাকার কথা জানান।

মহাসড়কের টোলপ্লাজা এলাকায় আটকে থাকা এক যাত্রী বলেন, ঘণ্টার পর ঘণ্টা পার হলেও যানবাহন খুব সামান্যই এগোচ্ছে। এত দীর্ঘ যানজটের কারণ সম্পর্কে অনেক যাত্রীই স্পষ্টভাবে জানতে পারছেন না।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের প্রধান কারণ আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় চলমান সড়ক সংস্কারকাজ। মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যানজট কমাতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম বলেন, আষাড়িয়ারচর এলাকায় সড়ক বিভাগের জরুরি সংস্কারকাজ চলছে। দুই লেনের একটি বন্ধ থাকায় অপর লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন পার করা হচ্ছে। এ কারণেই মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

তিনি আরও জানান, যানবাহন চলাচল স্বাভাবিক করা এবং যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল নিয়মিতভাবে কাজ করছে।