মুক্তমন রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক এবং গত উপনির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন বলেন, শেখ হাসিনা বাড়ি থেকে উচ্ছেদসহ নানা ভাবে চরম নিপিড়ন চালিয়ে এতো কষ্ট দেয়া সত্বেও খালেদা জিয়া কখনই তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চান নাই কিংবা তার বিরুদ্ধে কিছু বলেন নাই। তার মতো এমন সার্বজনীন নেত্রী ও অভিভাবকের বাংলাদেশের জন্য দরকার আছে। তার জন্য বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি থেকে শুরু করে সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ দোয়া চাইছেন। আমরাও মহান রাব্বুল আলামীনের কাছে শুধু এইটুকু চাই, বাংলাদেশের এই অভিভাবককে আর কিছুটা সময় দিন। নতুন বাংলাদেশ বিনির্মাণ যেন খালেদা জিয়া দেখে যেতে পারেন সেজন্য তিনি সকলের কাছে দোয়া চান।
এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে স্থানীয় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, উপস্থিত সর্বসাধারণ ও নেতাকর্মীরা দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাতে অংশ নেন।