মুক্তমন রিপোর্টার : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) সাবেক দুই কর্মকর্তা এম এস কে শাহীন ও বদরুল আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুই কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার।
আদালতে দেওয়া আবেদনে বদরুল আহমেদের বিষয়ে দুদক জানায়, তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগের তদন্ত চলছে। বিশ্বস্ত সূত্রে তার দেশত্যাগের চেষ্টা সম্পর্কে তথ্য পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তিনি বিদেশে চলে গেলে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ উদ্ধারে জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।
অন্যদিকে, এনএসআইয়ের সাবেক অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, চাঁদাবাজি এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
দুদকের আবেদনে আরও বলা হয়, শাহীনও দেশত্যাগের চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। তিনি বিদেশে পালিয়ে গেলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ পুনরুদ্ধার কঠিন হয়ে পড়তে পারে।
এসব কারণে তদন্তের স্বার্থে দুই সাবেক কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন জানায় দুদক। শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।