জ্বালানি সংকট অর্থনীতি ও ব্যবসার জন্য বড় হুমকি: গাজী আতাউর

জ্বালানি সংকট নিয়ে বক্তব্য দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান
জ্বালানি সংকট নিয়ে বক্তব্য দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান

মুক্তমন রিপোর্টার : দেশের চলমান জ্বালানি সংকট অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তার মতে, সংকটের প্রভাব কেবল বড় শিল্পে নয়, ওষুধ, টেক্সটাইল, সিরামিক, চিনি পরিশোধন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং সেবা খাতেও পড়ছে।

সোমবার (৩১ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, ব্যবসায়ী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় উৎপাদন খাতের প্রবৃদ্ধি কমে ২ দশমিক ৮৬ শতাংশে নেমেছে। দেশের বিভিন্ন এলাকায় শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক কর্মসংস্থান হারাচ্ছেন। এর প্রভাব পড়ছে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক কর্মকাণ্ডেও।

জ্বালানি খাতের সমস্যার সমাধান দ্রুত সম্ভব নয়—এটি বাস্তবতা উল্লেখ করে তিনি বলেন, যেকোনো সংকট মোকাবিলায় তাৎক্ষণিক, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। কিন্তু সরকারের পক্ষ থেকে এ ধরনের কার্যকর উদ্যোগ ও উদ্বেগ দৃশ্যমান নয়। ফলে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে এবং নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।

সরকারের অন্যতম দায়িত্ব মানুষের সামনে সম্ভাবনার পথ তৈরি করা এবং বিদ্যমান সমস্যার সমাধান করা—উল্লেখ করে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, সরকার এ ক্ষেত্রে প্রত্যাশিত সফলতা দেখাতে পারছে না।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে সরকারের মৌলিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, বাজেটে বিভিন্ন পণ্যে করছাড়ের ঘোষণা দেওয়া হলেও এর সুফল খুচরা বাজারে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না।

তিনি জানান, মূল্যস্ফীতির চাপ কমানোর লক্ষ্যে চাল, গম, পেঁয়াজ, চিনি, ভোজ্যতেল, মাছ, খেজুর, মসলা, শিশুখাদ্যের কাঁচামাল ও ডায়ালাইসিস ফিল্টারসহ বিভিন্ন পণ্যে কর কমানো হয়েছে। কিন্তু ভোক্তাদের অভিযোগ, করছাড়ের পরও অনেক পণ্য ও সেবার দাম কমেনি; বরং কোনো কোনো ক্ষেত্রে দাম আরও বেড়েছে।

গাজী আতাউর রহমানের দাবি, বাজার ব্যবস্থাপনায় সরকারের দক্ষতার ঘাটতি কিংবা কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সদিচ্ছার অভাব থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি যেসব ক্ষেত্রে রাষ্ট্র করছাড় দিচ্ছে, সেই সুবিধা যাতে সাধারণ মানুষ বাস্তবে পায়, তা নিশ্চিত করারও দাবি জানান তিনি।