মুক্তমন রিপোর্টার : রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের ব্যাপক সমাগম হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জিয়া উদ্যানে জড়ো হতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কর্মসূচিস্থলে তাদের উপস্থিতি আরও বাড়তে থাকে।
বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকা। অনেক নেতাকর্মীর হাতে ছিল দলীয় ও জাতীয় পতাকা।
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে জিয়া উদ্যানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা মিছিলগুলো একে একে কর্মসূচিস্থলে যোগ দিতে থাকে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা ইমাম শরিফ বাবু বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়; এটি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শকে স্মরণ করার দিন। তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে হবে।
বাড্ডা থানা বিএনপি নেতা শামসুর রহমান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তির শক্ত অবস্থানকে তুলে ধরছে। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে এই ঐক্য ও জনসম্পৃক্ততা আরও জোরদার করতে হবে।
এদিকে, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিকে কেন্দ্র করে জিয়া উদ্যান ও আশপাশের সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।