নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতে পথ হারিয়ে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া চার বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে স্বল্প সময়ের মধ্যেই তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে খিলক্ষেত থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) খিলক্ষেত থানাধীন লো মেরিডিয়ান হোটেলের সামনে থেকে রাহিম (৪) নামে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের জিম্মায় তুলে দেওয়া হয়।
পুলিশ জানায়, উদ্ধারকালে শিশুটির বাবা-মা বা ঠিকানা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। খবর পাওয়ার পর খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইনের নির্দেশে পুলিশ শিশুটিকে নিরাপদ হেফাজতে নিয়ে তার পরিচয় শনাক্তে তৎপরতা শুরু করে।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির তথ্য প্রচার করা হয়। পাশাপাশি পুলিশের নিজস্ব তথ্য নেটওয়ার্ক ও সোর্সের মাধ্যমে পরিবারের সন্ধানে অনুসন্ধান চালানো হয়। একপর্যায়ে শিশুটির বাবা রতন ও মা রোজিনার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়।
পরে অভিভাবকদের থানায় এনে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর শিশুটিকে তাদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) নং-৩৬৩, তারিখ ৬ আগস্ট ২০২৬ মূলে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে খিলক্ষেত থানা আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছে। তাদের মতে, পথ হারানো একটি শিশুকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া পুলিশের মানবিক দায়িত্ববোধ ও দ্রুত পদক্ষেপের একটি ইতিবাচক উদাহরণ।