মুক্তমন রিপোর্ট: গণঅভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের নিজ গ্রাম মুরারীদহ এলাকার ঐতিহ্যবাহী ‘মিয়ার দালান’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, “ডা. শফিকুর রহমানকে এতদিন মজলুম নেতা হিসেবে জানতাম। তবে তিনি যে মুখোশধারী ছিলেন, তা গণঅভ্যুত্থানের পরই স্পষ্ট হয়েছে।”
তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে জামায়াত আমির প্রথমবারের মতো গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করেছেন।
জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে রাশেদ খান বলেন, ক্ষমতায় আসার জন্য দলটি অন্যায়, অপরাধ, মিথ্যাচার ও মুনাফেকির আশ্রয় নিয়েছে। নির্বাচনের আগে জামায়াতে ইসলামী ‘জান্নাতের টিকিট’ বিক্রি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের ইতিবাচক পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, জনগণ এখন বুঝতে পেরেছে—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ভবিষ্যতের বাংলাদেশও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তিত হবে বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভূমিকা নিয়েও মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, গণঅভ্যুত্থান পর্যন্ত নাহিদ ইসলাম সঠিক পথেই ছিলেন। তবে পরবর্তীতে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ততার কারণে তিনি বিপথগামী হয়েছেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।