গাজায় একদিনে ফিরেছেন ৩ লাখের বেশি ফিলিস্তিনি

Gaza_Mi1eRZ3
Gaza_Mi1eRZ3

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে সোমবার পর্যন্ত ফিরেছেন তিন লাখেরও বেশি ফিলিস্তিনি। প্রায় ১৫ মাস পর নিজেদের এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বসিত উত্তর গাজার বাসিন্দারা।

গাজার জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর তাণ্ডবে উত্তর গাজার এই বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। ৪৭০ দিন পর নিজেদের বাড়িতে ফিরেছেন তারা।
সোমবার সকাল থেকেই নেৎজারিম করিডোর দিয়ে উত্তর গাজায় আসতে শুরু করেন হাজার হাজার ফিলিস্তিনি। অনেকেই ঘোড়া কিংবা গাধার গাড়িতে নিজেদের মালপত্র নিয়ে আসেন। উত্তর গাজার কেন্দ্রীয় শহর গাজা সিটির প্রধান সড়কের একটি ক্ষতিগ্রস্ত ভবনের সামনে ‘গাজায় স্বাগতম’ লেখা ব্যানার টাঙানো ছিল এ সময়।

দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরাইলি বর্বরতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আর আহত হয়েছেন আরও ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি ও বন্দিময় চুক্তি কার্যকর হওয়ায় গাজায় ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা।