গ্যাসের দাম না কমালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি সেলিম উদ্দিনের

গ্যাসের দাম না কমালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি সেলিম উদ্দিনের

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিলের অতিরিক্ত বা ‘হিডেন চার্জ’ বন্ধ করতে হবে। এসব দাবি বাস্তবায়ন করা হলে জনজীবনে স্বস্তি ফিরবে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা রাজউক কলেজের সামনে গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা অঞ্চলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে উত্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁর দাবি, জুলাইয়ের আন্দোলন একদিনে শুরু হয়নি; এর ধারাবাহিকতা ২০১৮ সাল থেকেই গড়ে উঠেছিল। তিনি আরও বলেন, ওই আন্দোলনে জামায়াতে ইসলামী শিক্ষার্থীদের পাশে ছিল।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ১ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। একই সঙ্গে তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় শিশুদের ওপরও সহিংসতা চালানো হয়েছিল।

বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, জুলাই সনদ শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এর পরিণতি ভোগ করতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, দেশে দুর্নীতি শতভাগ নির্মূল করা গেলে অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে গ্যাসের দাম হ্রাস, বিদ্যুতের মূল্য কমানো এবং বিদ্যুৎ বিলে আরোপিত অতিরিক্ত চার্জ প্রত্যাহারের দাবি জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, সরকার জুলাইয়ের চেতনার কথা বললেও তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিচ্ছে না।

বক্তব্যের একপর্যায়ে আগামী ৫ আগস্ট, অর্থাৎ ৩৬ জুলাইকে ‘দ্বিতীয় স্বাধীনতার বিজয় দিবস’ হিসেবে উল্লেখ করে সকাল ১০টায় রাজধানীর পল্টনে সমবেত হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান সেলিম উদ্দিন।

সমাবেশ শেষে উত্তরা রাজউক কলেজের সামনের সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জসীমউদ্দীন সড়কে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, সহকারী পরিচালক মাহবুবুল আলম, অধ্যক্ষ আশরাফুল হক, উত্তরা মডেল থানা আমীর ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম আমীর মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব আমীর মাহফুজুর রহমান, দক্ষিণখান পশ্চিম আমীর আবু সাঈদ শাহনেওয়াজ, দক্ষিণখান উত্তর আমীর মোস্তাকিম আলম, উত্তরখান পূর্ব আমীর ইসরাঈল হোসেন, উত্তরখান পশ্চিমের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং স্থানীয় নেতারা।