জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে: মির্জা ফখরুল

জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা করতে হলে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তিনি বলেন, “জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার।”

সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের সামনে পরিবর্তনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে জনগণের অধিকারভিত্তিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের আকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করেছে। এখন বিভাজন ও সংঘাত নয়, সংলাপ ও আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার সময় এসেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকার জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে এবং জাতীয় সংসদে সংশ্লিষ্ট কমিটিও গঠন করা হয়েছে। আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কর্মসংস্থান ও কল্যাণ নিশ্চিত করতে সরকার গুরুত্ব দেবে। একই সঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ও আহত সাংবাদিকদের পরিবারগুলোর প্রতিও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের অবদান জাতি চিরদিন স্মরণ করবে। একটি কার্যকর সংসদের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করা গেলে তাদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে।

আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।