নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ দিন ৩ আগস্টের স্মৃতি তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন লেখক ও কনটেন্ট ক্রিয়েটর মাহবুব নাহিদ। তিনি দাবি করেছেন, সেদিন ঘোষিত ‘এক দফা’ কোনো ব্যক্তি বা সংগঠনের সিদ্ধান্ত ছিল না; বরং তা জনতার স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত দাবির প্রতিফলন।
সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লেখেন, সেদিন বাসা থেকে বের হওয়াটাই ছিল বড় ঝুঁকির। কারণ তার বাসার সামনে আওয়ামী লীগের এক নেতার কার্যালয়ে সবসময় সশস্ত্র লোকজন অবস্থান করত। পাশাপাশি তার বাসায় একজন গুলিবিদ্ধ শিক্ষার্থী আশ্রয় নিয়েছেন—এমন খবরও আশপাশে ছড়িয়ে পড়েছিল। এরপরও সব ঝুঁকি উপেক্ষা করে তিনি বেরিয়ে পড়েন।
মাহবুব নাহিদ জানান, বিভিন্ন পথ ঘুরে তিনি প্রথমে সায়েন্স ল্যাব এলাকায় পৌঁছান। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেন।
তিনি লিখেছেন, নিউমার্কেট মোড় পার হওয়ার পর তিনি দেখেন, চারদিক থেকে হাজারো মানুষ একই গন্তব্যে হেঁটে যাচ্ছেন। তখন তিনি রিকশা ছেড়ে জনস্রোতের সঙ্গে হেঁটেই শহীদ মিনারের দিকে এগিয়ে যান।
পথে পরিচিত ও অপরিচিত বহু মানুষের সঙ্গে দেখা হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদল, যুবদলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকেও সেই জনসমুদ্রে দেখেছেন।
ফেসবুক পোস্টে মাহবুব নাহিদ আরও দাবি করেন, সেদিন সকাল থেকেই মানুষের মুখে একটাই স্লোগান ছিল—‘দফা এক, দাবি এক’। অনেকেই তাকে ফোন করে জানতে চাইছিলেন, ‘এক দফা ঘোষণা হয়েছে কি না’ এবং ‘এক দফা ঘোষণা হবে কি না’।
পোস্টের শেষাংশে তিনি বলেন, তার দৃষ্টিতে ‘এক দফা’ কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর দাবি ছিল না; বরং তা জনতার সম্মিলিত প্রত্যাশায় পরিণত হয়েছিল। সমাবেশে উপস্থিত মানুষের সেই প্রত্যাশা উপেক্ষা করার বাস্তব সুযোগ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।