বিনোদন ডেস্ক: বিভেদ, বিদ্বেষ ও অসহিষ্ণুতার এই সময়ে মানবতা, সহমর্মিতা এবং সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে নতুন মৌলিক গান প্রকাশ করেছেন শিল্পী, গীতিকার ও সুরকার মিয়া নূর। ‘সবার আগে মানুষ’ শিরোনামের গানটি মানুষের পরিচয়ের আগে মানবিক পরিচয়কেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছে।
সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্ম, জাত, বর্ণ কিংবা মতের বিভাজনের ঊর্ধ্বে উঠে পারস্পরিক শ্রদ্ধা, বিবেক ও মানবিক মূল্যবোধের চর্চাই একটি সুন্দর সমাজ গঠনের প্রধান ভিত্তি—এই দর্শন থেকেই গানটির সৃষ্টি।
গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন মিয়া নূর নিজেই। আর মিক্স ও মাস্টারিংয়ের দায়িত্ব পালন করেছেন জয়হান ইসলাম।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসা ‘সবার আগে মানুষ’ বাক্যটি থেকে অনুপ্রাণিত হয়ে গানটি নির্মাণ করা হলেও এটি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক মতাদর্শকে কেন্দ্র করে নয়। বরং মানবতা, বিবেক এবং সামাজিক সম্প্রীতির এক সার্বজনীন বার্তা তুলে ধরাই এর মূল উদ্দেশ্য।
নিজের নতুন গান প্রসঙ্গে মিয়া নূর বলেন, “সংগীত মানুষের হৃদয়ে পৌঁছানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যমগুলোর একটি। ‘সবার আগে মানুষ’ গানটির মাধ্যমে আমি শুধু একটি কথাই বলতে চেয়েছি—মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সম্মান ও সহমর্মিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
ইতোমধ্যে গানটির অফিসিয়াল লিরিক ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও গানটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির মানবিক বার্তা নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।