ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি পদে ফারহান আরিফকে চান তৃণমূলের নেতাকর্মীরা

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি পদে ফারহান আরিফকে চান তৃণমূলের নেতাকর্মীরা

মুক্তমন রিপোর্ট : সমসাময়িক রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সংস্কার, মেধাভিত্তিক রাজনীতি ও কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহান আরিফকে সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে দেখছেন সংগঠনটির তৃণমূল নেতাকর্মীদের একটি অংশ। ভোলার এই ছাত্রনেতাকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি পদে দেখতে চান তারা।

তৃণমূলের নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা, বুদ্ধিবৃত্তিক চর্চা ও নেতৃত্বের অভিজ্ঞতার কারণে ফারহান আরিফ আগামী দিনে ছাত্রদলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের মতে, সংগঠনকে আরও আধুনিক, মেধাভিত্তিক ও সময়োপযোগী করতে তাঁর মতো তরুণ নেতৃত্ব প্রয়োজন।

ফারহান আরিফের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ। সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানেও তিনি সম্মুখসারিতে ছিলেন বলে তাঁর সমর্থকদের দাবি। এর আগে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি কারাবরণ ও একাধিক মামলার মুখোমুখি হয়েছেন। বিভিন্ন আন্দোলনে অংশ নিতে গিয়ে হামলা ও আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

বর্তমানে ফারহান আরিফ কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দলীয় বিভিন্ন সাংগঠনিক ও নীতিনির্ধারণী কার্যক্রমে যুক্ত রয়েছেন। ছাত্রদলের রিসার্চ সেলের সঙ্গেও তিনি কাজ করছেন।

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, আহ্বায়ক কমিটির সদস্য এবং শেখ মুজিব হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

তৃণমূল নেতাকর্মীদের মতে, ছাত্রদলের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে শুধু সাংগঠনিক পদ নয়, বরং রাজনৈতিক ত্যাগ, মেধা, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাদের প্রত্যাশা, ফারহান আরিফের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকা বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বে তাকে যথাযথ মূল্যায়ন করা হবে।

তবে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি পদে ফারহান আরিফকে মনোনয়নের বিষয়ে এখনো সংগঠনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা পাওয়া যায়নি।