নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্বাধীনতা বিরোধীদের গণতন্ত্র নস্যাৎতের হুমকি মোকাবেলায় দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলসমূহের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্বে ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে শরিক দলগুলোর মধ্যে বাম ঐক্যের অসামান্য ভূমিকা ছিল। গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন।
বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার এখনো ছয় মাস পূর্ণ হয়নি। একটি সরকারকে মূল্যায়নের জন্য সময় দিতে হয়। কিন্তু এখনই একটি পক্ষ সরকার উৎখাত করে ক্ষমতায় বসতে চায়।
তিনি আরও বলেন, ডিসেম্বরে ‘ফ্যাসিস্ট হাসিনা’র দেশে ফেরার পথ যারা তৈরি করতে চায়, তাদের এ দায়দায়িত্ব নিতে হবে। দেশের জনগণ রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছে। ভবিষ্যতেও রাজপথ থেকেই যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড খান মো. নুরে আলম প্রমুখ।