কেরানীগঞ্জে জুলাই স্মৃতির ব্যানার ছেঁড়ার প্রতিবাদে ছাত্রশিবিরের নতুন ব্যানার

কেরানীগঞ্জে জুলাই স্মৃতির ব্যানার ছেঁড়ার প্রতিবাদে ছাত্রশিবিরের নতুন ব্যানার

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলার প্রতিবাদে নতুন একটি ব্যানার টাঙিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ব্যানারটি ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ২০ জুলাই তারানগর ইউনিয়নের একটি পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে কেরানীগঞ্জ মডেল থানা পশ্চিম শাখা ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোচিত ঘটনা, শহীদদের স্মৃতি এবং শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে একটি ব্যানার টাঙানো হয়। তবে ৩১ জুলাই রাতে অজ্ঞাত ব্যক্তিরা ব্যানারটির অর্ধেকের বেশি অংশ ছিঁড়ে ফেলে বলে দাবি করেছে সংগঠনটি।

এর প্রতিবাদে গত ১০ আগস্ট একই স্থানে নতুন একটি ব্যানার টাঙায় ঢাকা জেলা দক্ষিণ শাখার কেরানীগঞ্জ মডেল থানা পশ্চিম ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

নতুন ব্যানারে লেখা হয়েছে, ‘জুলাইয়ের স্মৃতি মোছা যায় না, কাপুরুষোচিত অপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ।’

এতে আরও বলা হয়েছে, ‘দেয়াল থেকে ব্যানার ছিঁড়ে ফেলা সহজ, কিন্তু ছাত্র-জনতার রক্তে লেখা জুলাই বিপ্লব ও শহীদের ইতিহাস বাংলার মাটি থেকে মোছা অসম্ভব! ফ্যাসিবাদের দালালেরা জেনে রাখুক—ব্যানার ছেঁড়া যায়, চেতনাকে মোছা যায় না।’

ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি আবু ফাত্তাহ মো. তূর্জ।

তিনি অভিযোগ করে বলেন, জুলাইয়ের দিনগুলোতে সাধারণ ছাত্র-জনতার ওপর ওই আওয়ামী লীগ কার্যালয় থেকে জুলুম-নির্যাতন চালানো হতো। পরবর্তীতে জনগণের রোষানলে ভবনটি পরিত্যক্ত হওয়ার পরও সেখানে নতুন করে দখলদারিত্বের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, জুলাইয়ের স্মৃতিবিজড়িত ব্যানার টাঙানোর বিষয়টি মেনে নিতে না পেরে একটি পক্ষ সেটি ছিঁড়ে ফেলেছে। তবে ব্যানার ছিঁড়ে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে মুছে ফেলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।