বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠক

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। বৃহস্পতিবারের বৈঠকের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হতে পারে।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ আগস্ট। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে দলটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানকে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হওয়ার পর বিষয়টি জানানো হবে।

এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় আসে। তবে এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠক শেষ হওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।