নোয়াখালীতে ৩০০ পিস ইয়াবাসহ আটক

জামিনে মুক্তির পর ফের ইয়াবা ব্যবসা

জামিনে মুক্তির পর ফের ইয়াবা ব্যবসা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার পূর্ব মাইজচরা এলাকায় জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগে মো. সোহাগ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের আব্দুল কাদের মাঝি বাড়িতে অবস্থিত সোহাগের নিজ বসতঘরে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। অভিযানে স্থানীয় এলাকাবাসীও সহযোগিতা করেছেন বলে জানিয়েছে ডিএনসি।

গ্রেপ্তার মো. সোহাগ পূর্ব মাইজচরা গ্রামের রফিক উল্লার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় সোহাগের হেফাজত থেকে প্রায় ২৮ গ্রাম ওজনের ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারায় সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, জেলার মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।