শ্রমিকদের পুনর্বাসন ও চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি শ্রমিক অধিকার পরিষদের।

চট্টগ্রামে বন্ধ কারখানার শ্রমিকদের কর্মসংস্থান দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

চট্টগ্রামে বন্ধ কারখানার শ্রমিকদের কর্মসংস্থানের দাবিতে প্রতিবাদ কর্মসূচি।
চট্টগ্রামে বন্ধ কারখানার শ্রমিকদের কর্মসংস্থানের দাবিতে প্রতিবাদ কর্মসূচি।

মুক্তমন রিপোর্ট: চট্টগ্রাম অঞ্চলে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন কারখানার শ্রমিকদের কর্মসংস্থান ও পুনর্বাসনের দাবিতে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। সংগঠনটির নেতারা অভিযোগ করেছেন, কারখানা বন্ধ হয়ে যাওয়ায় হাজারো শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম এক বিবৃতিতে বলেন, শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে কর্মজীবী মানুষের জীবনে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি বলেন, উন্নয়ন ও অগ্রগতির আলোচনার মধ্যেও খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের সংকট উপেক্ষিত হচ্ছে।

তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপের আওতাধীন কয়েকটি বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকরা বর্তমানে কর্মহীন অবস্থায় রয়েছেন। তাদের দ্রুত পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

মোহাম্মদ সেলিম বলেন, “দেশের শ্রমজীবী মানুষ কারও দয়া চায় না। তারা নিজেদের শ্রমের মাধ্যমে সম্মানের সঙ্গে বাঁচতে চায়। কর্মসংস্থান হারিয়ে আজ অনেক পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে।”

তিনি আরও বলেন, শ্রমিকদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। কর্মসংস্থান নিশ্চিত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

শ্রমিক অধিকার পরিষদের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বেকার হয়ে পড়া শ্রমিকদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা না হলে চট্টগ্রামের শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ বা অন্যান্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।