স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

আইওএমের সহায়তা চাইল বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আইওএমের উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস সৌজন্য সাক্ষাৎ করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আইওএমের উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস সৌজন্য সাক্ষাৎ করছেন।

মুক্তমন রিপোর্ট: মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং আইওএম-এর উপমহাপরিচালক (ডিডিজি) উগোচি ড্যানিয়েলস।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে জাতিসংঘ হাউজে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের বিদ্যমান অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মানব পাচার প্রতিরোধ, অভিবাসন গভর্নেন্স, অভিবাসীদের সুরক্ষা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

তিনি বলেন, “বাংলাদেশ নিরাপদ, নিয়মতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ অভিবাসনে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করছে। আগামী দিনে এই সহযোগিতা আরও সুদৃঢ় হবে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, মানব পাচার একটি জঘন্য অপরাধ। লোভ, অজ্ঞতা ও অসচেতনতার কারণে অনেক মানুষ এ অপরাধের শিকার হন। তিনি জানান, মানব পাচার রোধে সরকার সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করছে, যা সীমান্ত অপরাধ প্রতিরোধের পাশাপাশি জাতীয় নিরাপত্তাও আরও শক্তিশালী করবে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আইওএমের কাছে মানব পাচারকারী চক্রের তথ্য রয়েছে কি না জানতে চাইলে সংস্থাটির উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস জানান, আইওএম পাচারকারী চক্র শনাক্তে সহায়তা করতে পারে। পাশাপাশি সংস্থাটির কাছে এবং ইন্টারপোলের কাছে মানব পাচারের প্রবণতা-সংক্রান্ত তথ্য রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করা হয়।

আইওএম-এর উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস বাংলাদেশ সরকারের সঙ্গে সংস্থাটির দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করে বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে আইওএম বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। তিনি মানব পাচার প্রতিরোধে সমন্বিত তথ্য ব্যবস্থাপনা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ১ থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফরের অংশ হিসেবে আইওএম-এর উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস এ বৈঠকে অংশ নেন।

বৈঠকে বাংলাদেশে আইওএম-এর নবনিযুক্ত মিশন প্রধান ড. লরা টম বন্ডেসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।