মুক্তমন রিপোর্ট : পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রগতিশীল ও উন্নত সমাজ গঠনের জন্য স্থিতিশীল আইন-শৃঙ্খলা নিশ্চিত করা অপরিহার্য। একই সঙ্গে মাদক ও অপরাধ দমনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে এবং কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (৪ আগস্ট) লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা এবং মাদক নির্মূল একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। মাদক দেশের যুবসমাজকে ধ্বংস করছে উল্লেখ করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, "যত বড় প্রভাবশালীই হোক না কেন, কোনো মাদক কারবারি বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকারীকে ছাড় দেওয়া হবে না।"
কিশোর গ্যাংয়ের তৎপরতা ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনকে টহল জোরদারের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, নিরাপদ লক্ষ্মীপুর গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার তারেক হাসানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।