টেকনাফ (কক্সবাজার), ২৪ এপ্রিল ২০২৬:
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ এক কুখ্যাত মানবপাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে টেকনাফ থানাধীন মহেশখালিয়াপাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৭.৬৫ মি.মি. একটি বিদেশি পিস্তলসহ মোঃ ইয়াসিন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ইয়াসিন টেকনাফ থানার মহেশখালিয়াপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত অস্ত্রের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানবপাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।