মুক্তমন রিপোর্ট : ২০০৭ সালে মুক্তি পেয়েছিল মোহিত সুরির ‘আওয়ারাপান’। সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে সুবিধা করতে পারেনি ইমরান হাশমি অভিনীত সিনেমাটি। ১৮ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি আয় করেছিল ৮ কোটি রুপিরও কম। ফলে বক্স অফিসে ‘ডিজাস্টার’ তকমা পেয়েছিল সিনেমাটি।
তবে সময়ের সঙ্গে বদলে যায় ‘আওয়ারাপান’-এর ভাগ্য। সিনেমাটির গান ও গল্প দর্শকের মনে আলাদা জায়গা করে নেয়। একসময় বক্স অফিসে ব্যর্থ হওয়া ছবিটি পরবর্তীতে পরিণত হয় অনেকের কাছে কাল্ট ক্লাসিকে।
সেই জনপ্রিয়তাকে পুঁজি করে নির্মিত হয়েছে ‘আওয়ারাপান ২’। শুক্রবার (১৪ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। তবে মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে এটি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির মাত্র ৪৮ ঘণ্টা আগে অগ্রিম বুকিং শুরু হলেও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ১ লাখ ৩০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।
বক্স অফিস বিশ্লেষক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকে প্রায় ৪ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। দ্বিতীয় ও তৃতীয় দিনের অগ্রিম বুকিং মিলিয়ে আয় ছাড়িয়েছে ৯ কোটি রুপি।
অগ্রিম টিকিট বিক্রির এই গতি অব্যাহত থাকলে প্রথম দিনে ‘আওয়ারাপান ২’ প্রায় ২০ কোটি রুপি আয় করতে পারে বলে ধারণা করছেন বক্স অফিস বিশ্লেষকরা।
এমনটা হলে এটি হবে ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম, এমনকি সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন। একই সঙ্গে চলতি বছর বলিউডের বড় ওপেনিংগুলোর তালিকাতেও জায়গা করে নিতে পারে সিনেমাটি।
শুক্রবারই মুক্তি পাচ্ছে সানি দেওল অভিনীত ‘বাটওয়ারা ১৯৪৭’। তবে প্রি-রিলিজ বুকিংয়ের গতি দেখে বক্স অফিসে ‘আওয়ারাপান ২’ এগিয়ে থাকবে বলে ধারণা বিশ্লেষকদের।
নীতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপান ২’-এ ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি ও সুবিন্দর ভিকিসহ অন্যরা।
সিনেমাটির বাজেট প্রায় ৪৫ কোটি রুপি। মুক্তির আগেই দর্শকদের এমন আগ্রহ দেখে ধারণা করা হচ্ছে, বক্স অফিসে ভালো ব্যবসা করলে খুব দ্রুতই নির্মাণ ব্যয় তুলে নিতে পারে সিনেমাটি।