মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

সাংবাদিক সৈকত রঞ্জনের মুক্তির দাবিতে রাঙামাটিতে সাংবাদিক ও পেশাজীবীদের মানববন্ধন
সাংবাদিক সৈকত রঞ্জনের মুক্তির দাবিতে রাঙামাটিতে সাংবাদিক ও পেশাজীবীদের মানববন্ধন

মুক্তমন রিপোর্ট : রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও সংহতি জানান।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা সৈকত রঞ্জন চৌধুরীকে আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের সামনে থেকে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই ডিবি পুলিশ সৈকত রঞ্জন চৌধুরীকে তুলে নিয়ে যায়।

তাদের দাবি, ঘটনার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ সুপারের মাধ্যমে সাংবাদিক সৈকতের অবস্থান সম্পর্কে জানা যায়।

বক্তারা বলেন, সৈকত রঞ্জন শুধু একজন পেশাদার সাংবাদিক নন, তিনি একজন সমাজকর্মীও। একজন সাংবাদিককে এভাবে তুলে নেওয়ার ঘটনা মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি।

তারা আরও বলেন, ২০২৪-পরবর্তী সময়ে এমন পরিস্থিতি আর থাকবে না বলে প্রত্যাশা ছিল। কিন্তু এখনো ভয়ের পরিবেশ অব্যাহত রয়েছে বলে তারা অভিযোগ করেন।

মানববন্ধন থেকে অবিলম্বে সৈকত রঞ্জন চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাঙামাটি জেলার সভাপতি সমীর কান্তি দে, সুজন জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতিয়ার, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, বিএমইউজের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, উদীচীর সহসভাপতি আশীষ কুমার বড়ুয়া, যুব ইউনিয়ন জেলা সভাপতি মিল্টন বিশ্বাস, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথসহ অনেকে।

কর্মসূচি সঞ্চালনা করেন রাঙামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দে

এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে।