তিস্তা প্রকল্পে গতি, আগামী বছর শুরু মূল কাজ

পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা ও ফারাক্কা চুক্তি নিয়ে আলোচনা
পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা ও ফারাক্কা চুক্তি নিয়ে আলোচনা

মুক্তমন রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে পানি সম্পদ খাতের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন, তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু এবং ফারাক্কা চুক্তি নবায়নে ইতিবাচক অগ্রগতির কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন। শুরুতে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আগামী বছর থেকে শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে ভারত-বাংলাদেশের ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে জোরালো আশ্বাস পাওয়ার বিষয়টিও কমিটিকে অবহিত করা হয়।

এ ছাড়া জাতীয় গুরুত্বপূর্ণ পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক সভায় অনুমোদিত হওয়ার তথ্যও বৈঠকে তুলে ধরা হয়।

বৈঠকে প্রেজেন্টেশনের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, বাস্তবায়ন সময়সীমা ও অর্থ বরাদ্দের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

বর্তমানে মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এসব প্রকল্প বাস্তবায়নে মোট ৭ হাজার ৮৩২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানানো হয়।

নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো শেষ করা, বরাদ্দের সঠিক ও সুষম ব্যবহার নিশ্চিত করা এবং জনগণের সেবার মান বাড়াতে কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়।

বৈঠকে সরকারের গত ছয় মাসের কার্যক্রমে পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন অগ্রগতির বিষয়ও তুলে ধরা হয়। বিশেষ করে নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগের কথা জানানো হয়।

কমিটির সদস্য ও পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এ. কে. এম. ফজলুল হক মিলন, এ. ই. সুলতান মাহমুদ বাবু, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ্ ফরিদ, মুন্সী রফিকুল আলম, মো. ইজ্জত উল্লাহ্, মো. মশিউর রহমান খান ও মো. অলি উল্লাহ্ বৈঠকে উপস্থিত ছিলেন।

এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর প্রধান, বিভিন্ন দপ্তরের মহাপরিচালক এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।