মুক্তমন রিপোর্টার : দক্ষিণ সুদানের জংলেই রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি টহল দলের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। আহতদের মধ্যে তিনজন ইথিওপিয়ার শান্তিরক্ষী রয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) পাজুত এলাকার দিকে নিয়মিত টহল দেওয়ার সময় শান্তিরক্ষীদের লক্ষ্য করে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, হামলাটি ছিল পরিকল্পিত।
জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক জানান, শান্তিরক্ষীরা নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। হামলার পর ঘটনাটির দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।
জাতিসংঘের দক্ষিণ সুদান মিশন (ইউএনএমআইএসএস) জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে দেশটিতে অন্তত ৩৬ জন মানবিক সহায়তাকর্মী নিহত হয়েছেন। দেশটির চলমান নিরাপত্তাহীনতা মানবিক সহায়তা কার্যক্রমের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
এদিকে, ২০২৬ সালে বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালনকালে এখন পর্যন্ত মোট নয়জন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হয়েছেন। দক্ষিণ সুদানের সর্বশেষ হামলা শান্তিরক্ষীদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।