মুক্তমন রিপোর্ট : এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর শাখা।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৮টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি কল্যাণমুখী, ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মেধা, তারুণ্য ও উদ্যমকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে।
তিনি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অধ্যবসায়ের ওপর গুরুত্ব দিয়ে বলেন, জীবনে সফল হতে দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ চেষ্টা ও অধ্যবসায় চালিয়ে যেতে হয়। কারও ভালো অবস্থান দেখে হতাশ না হয়ে নিজের সক্ষমতা অনুযায়ী এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
ক্যারিয়ারে একাধিক সুযোগ ও পথ রয়েছে উল্লেখ করে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, কোনো একটি ক্ষেত্রে সুযোগ না পেলে হতাশ হওয়ার কারণ নেই। নতুন করে নিজেকে তৈরি করে সামনে থাকা সুযোগকে কাজে লাগাতে হবে।
সাফল্যের সঙ্গে নৈতিকতার ওপর গুরুত্ব
শিক্ষার্থীদের সাফল্যের পাশাপাশি নৈতিকতা ও মানবিকতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। জ্ঞান, মেধা ও যোগ্যতাকে মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান ছাত্রশিবিরের এই নেতা।
বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম বলেন, সাফল্য মানুষকে অহংকারী না করে আরও বিনয়ী করে তুলতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বাবা-মা, শিক্ষক ও সমাজের প্রতি দায়িত্বশীল থাকার আহ্বান জানান। জীবনে যত বড় সাফল্যই আসুক, বিনয় ও মানবিকতা ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ ক্ষেত্রে সর্বোচ্চ দক্ষ ও যোগ্য হয়ে ওঠার জন্য উৎসাহিত করে ছাত্রশিবির।
তিনি বলেন, সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষার দীর্ঘ পথ রয়েছে। আত্মবিশ্বাস ধরে রেখে নিয়মিত পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় শিক্ষার্থীদের বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞ থাকা, তাদের পাশে দাঁড়ানো এবং নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাইফুল ইসলাম সায়েম। শাখার বাইতুলমাল সম্পাদক মীর সাব্বির হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম খান মিলনসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।