আন্তর্জাতিক ডেস্ক : বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পানামার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি ওশান উইনারের নিখোঁজ ২২ নাবিকের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। জাহাজটি ডুবে যাওয়ার কয়েক দিন পরও ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।
ভারতীয় কোস্টগার্ড জানিয়েছে, মঙ্গলবারও বিমান ও নৌযানের মাধ্যমে জাহাজটির সর্বশেষ অবস্থানের আশপাশে ব্যাপক তল্লাশি চালানো হয়। জাহাজটি ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যের পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ৪৪৪ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে শনিবার ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
তল্লাশি এলাকায় সমুদ্রের পানির গভীরতা অনেক বেশি হওয়ায় উদ্ধার অভিযান জটিল হয়ে পড়েছে। এখন পর্যন্ত জাহাজটির ধ্বংসাবশেষের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে সর্বশেষ অবস্থানের কাছাকাছি এলাকায় একটি তেলের আস্তরণ ও দুটি লাইফ র্যাফট পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জাহাজটির ধ্বংসাবশেষের অবস্থান নিশ্চিত করতে না পারায় দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ এবং নিখোঁজ নাবিকদের সন্ধানে কার্যকরভাবে অভিযান পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে।
জানা গেছে, লৌহ আকরিক নিয়ে চীনের উদ্দেশে যাচ্ছিল এমভি ওশান উইনার। জাহাজটিতে মোট ২৪ জন ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক ছিলেন।
শনিবার জাহাজটি থেকে বিপদসংকেত পাওয়ার পর অভিযান চালিয়ে দুই চীনা নাবিককে জীবিত উদ্ধার করা হয়। তবে বাকি ২২ জন এখনো নিখোঁজ রয়েছেন।
ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী নিখোঁজ নাবিকদের সন্ধানে সমুদ্র ও আকাশপথে তল্লাশি চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনাস্থলের গভীর পানি এবং জাহাজটির অবস্থান শনাক্ত করতে না পারা উদ্ধার তৎপরতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।