মুক্তমন রিপোর্ট: পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিতি পান হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। শাকিব খানের বিপরীতে অভিনয় করে তিনি যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি ছবিটিকে নিজের জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলেও মনে করেন।
বর্তমানে কলকাতায় পরিচালক সৃজিত মুখার্জির নতুন একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ইধিকা। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ‘প্রিয়তমা’ সিনেমার শুটিং ও মুক্তির সময়ের নানা স্মৃতি তুলে ধরেন।
ইধিকা বলেন, “প্রিয়তমার সময়টা ভীষণ মিস করি। প্রথম যেদিন ঢাকায় এসেছিলাম, সেদিন সন্ধ্যায় বিএফডিসি ঘুরে দেখেছিলাম। এরপর হাতিরঝিলে ঘুরে একটি কফিশপে কফি খেয়েছিলাম।”
তিনি আরও বলেন, “এরপর ভার্সেটাইল মিডিয়ার অফিসে কিছু সময় কাটাই। কয়েকদিন পরই ‘প্রিয়তমা’র শুটিং শুরু হয়। শাকিব খানের সঙ্গে সেটিই ছিল আমার প্রথম সিনেমা। কাজ শেষ করে কলকাতায় ফিরে যাই। পরে সিনেমাটি মুক্তির পর যে ভালোবাসা পেয়েছি, তা সত্যিই অবিশ্বাস্য ছিল।”
সিনেমাটি মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়ার কথাও স্মরণ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, “আমি মাকে নিয়ে ঢাকায় এসে বসুন্ধরা সিনেপ্লেক্সে সাধারণ দর্শকদের সঙ্গে বসেই সিনেমাটি দেখেছিলাম। মুখে মাস্ক থাকলেও সিনেমা শেষে বের হওয়ার সময় দর্শকরা আমাকে চিনে ফেলেছিলেন। তাদের সেই ভালোবাসা আজও মনে গেঁথে আছে।”
বাংলাদেশের সিনেমায় আবারও কাজ করার আগ্রহ প্রকাশ করে ইধিকা বলেন, “সত্যি বলতে, ‘প্রিয়তমা’ আমার জীবনের আশীর্বাদ। এমন গল্পভিত্তিক সিনেমায় বাংলাদেশের চলচ্চিত্রে আবারও কাজ করতে চাই। জানি না, সেই সুযোগ আবার কবে আসবে।”