মুক্তমন রিপোর্টার : দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদের সংসদকক্ষে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
সংসদে বিএনপির ২৪৭ জন সদস্য থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। তবে দুই প্রার্থী থাকায় নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ব্যালট গণনা করা হবে। বৈধ ভোটের মধ্যে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা। পরে নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করবে।
এর আগে গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৩ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদ মনোনয়নপত্র জমা দেন এবং ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে উভয়ের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।