বন্যাদুর্গতদের দোরগোড়ায় সমন্বিতভাবে সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী

বন্যাদুর্গতদের দোরগোড়ায় সমন্বিতভাবে সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি: ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সেবা পৌঁছাতে সরকারি-বেসরকারি সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিচ্ছিন্নভাবে কোনো সিদ্ধান্ত নিয়ে বা একক উদ্যোগে নয়, পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে।

শুক্রবার (১৭ জুলাই) রাতে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা হলো—সবাইকে সঙ্গে নিয়ে সমন্বয়ের মাধ্যমে সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে এবং এসব কার্যক্রমের মূল লক্ষ্য হতে হবে সাধারণ মানুষ।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দুর্যোগের সময়ে কে কী করেছে বা কোন সংস্থা কতটুকু কাজ করেছে—এ নিয়ে কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা করার সময় নয়। সরকারি, বেসরকারি ও অন্যান্য সব সংস্থার সম্মিলিত ও সমন্বিত উদ্যোগ নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সভায় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়নের জন্য ছোট ছোট বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে দীর্ঘমেয়াদি ও টেকসই প্রকল্প গ্রহণ করতে হবে। পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সংস্থার একাধিক প্রকল্প একসঙ্গে পরিচালনা করা কঠিন। এতে অনেক সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সম্পদ ও অর্থের অপচয় কোনোভাবেই করা যাবে না। সরকারি দপ্তরগুলোর মধ্যে যোগাযোগের ঘাটতি থাকলে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়। তাই সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করতে হবে।

সরকারি বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, উন্নয়নকাজের জন্য বরাদ্দ করা অর্থ ব্যয় না করে কোষাগারে ফেরত দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই। বরং বরাদ্দের অর্থ ফেরত গেলে সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়।

তিনি নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে উন্নয়নকাজ সম্পন্ন এবং মাঠপর্যায়ে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য সাচিং প্রু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা। এ ছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে বান্দরবান জেলার ক্ষয়ক্ষতি, বর্তমান বন্যা পরিস্থিতি এবং দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রম দ্রুত জোরদার করার বিষয়েও মতবিনিময় করা হয়।