শাহজালালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

Photo : Internet
Photo : Internet

মুক্তমন রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে থার্ড টার্মিনালের ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে বলে বিমানবন্দরের একটি দুর্ঘটনা প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের দোতলা থেকে নিচে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও ল্যান্স করপোরাল জুবাইদুল। তারা সবাই বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য।

এ ঘটনায় আহত চারজন হলেন করপোরাল সিফাত/আবু সাঈদ, করপোরাল মাহবুব, সিনিয়র অফিসার আবুল খায়ের ও এলএসি আহাদ। আহতদের সবাইকে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতদের মধ্যে করপোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনই বিমানবাহিনীর সদস্য। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় মঙ্গলবার জানানো হবে।

দুর্ঘটনার পর বিমানবন্দর ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে।