কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে এক নারীর কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় ওই নারীকে আটক করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ ঘটনা ঘটে।
আটক রোকসানা বেগম (৩৫) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম আবদুল জলিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোকসানা বেগমের বহন করা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতরে থাকা ৫০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী উখিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কক্সবাজার-টেকনাফ অঞ্চলে মাদক পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।