মুক্তমন রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন না এলেও নতুন করে আরও দুই সংসদ সদস্যকে যুক্ত করার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে মন্ত্রিসভায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সূত্র জানায়, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের পর এই দুই সংসদ সদস্য তাঁর কাছ থেকে শপথ নেবেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি পার্বত্য অঞ্চলের রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বান্দরবান থেকে নির্বাচিত একজন সংসদ সদস্যকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ও স্থানীয় উন্নয়নকে গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১ জুন তিনি পদত্যাগ করেন। প্রায় দুই মাস পর মন্ত্রণালয়টিতে নতুন মন্ত্রী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তিনি ১ লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হন।
তাকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার আলোচনা কয়েক দিন ধরেই চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে মন্ত্রিসভায় যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য সাচিং প্রু জেরী গণমাধ্যমকে বলেছেন, এ বিষয়ে তার কিছু জানা নেই।
অন্যদিকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনও বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন এবং এ বিষয়ে মন্ত্রিপরিষদসচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন।
বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্য ৫০ জন। এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এ ছাড়া মন্ত্রিসভার বাইরে প্রধানমন্ত্রীর বিশেষ সুবিধাপ্রাপ্ত ১০ জন উপদেষ্টা রয়েছেন।
দুই নতুন সদস্য যুক্ত হলে মন্ত্রিসভায় আবারও পরিবর্তন আসবে। তবে তাঁদের নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা কবে দেওয়া হবে, সেটিই এখন দেখার বিষয়।