ব্যাংকে চাকরি নিলেন অভিনেত্রী তমা মির্জা, চলবে অভিনয়ও

ব্যাংকে চাকরি নিলেন অভিনেত্রী তমা মির্জা, চলবে অভিনয়ও

মুক্তমন রিপোর্টার : অভিনয়ের জগতের পাশাপাশি এবার ব্যাংকিং পেশায় যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। প্রায় তিন মাস ধরে একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি—ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে দায়িত্ব পালন করছেন তিনি।

তবে নতুন পেশায় যুক্ত হলেও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তমার। বরং ব্যাংকের চাকরির পাশাপাশি নিয়মিত অভিনয় চালিয়ে যেতে চান এই অভিনেত্রী।

তমা মির্জা বলেন, “অভিনয় আমার প্রথম ভালো লাগা এবং ভালোবাসার জায়গা। এখানে সবসময় কাজ করে যাব। ব্যাংক কর্তৃপক্ষ আমার অভিনয়ের ব্যাপারে আন্তরিক। তাই অভিনয় চালিয়ে যেতে কোনো সমস্যা নেই।”

সিনেমায় বর্তমানে তুলনামূলক কম ব্যস্ত তমা। সর্বশেষ আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’‘দাগি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

অভিনেত্রী জানান, তিনি বেছে বেছে বছরে এক-দুটি সিনেমায় কাজ করেন। অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় যুক্ত হওয়ার সুযোগকে জীবনের নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন।

তমার ভাষায়, “আমি খুব বেছে বেছে বছরে দুই-একটি সিনেমা করি। জীবনের বাকিটা অন্য কিছুতে এক্সপ্লোর করতে পারার এই সুযোগটা দারুণ। সেই সুযোগ কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই।”

শুধু বড় পর্দায় নয়, ওটিটিতেও নিজের অভিনয় দিয়ে দর্শকের প্রশংসা পেয়েছেন তমা মির্জা। তার অভিনীত ‘জানোয়ার’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’‘ফ্রাইডে’ আলোচিত হয়েছে।

এদিকে শিগগিরই নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তমা। ভিকি জাহেদের পরিচালনায় ‘খলনায়ক’ সিনেমায় তাকে আবারও আফরান নিশোর বিপরীতে দেখা যাবে।