মুক্তমন রিপোর্টার : সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেত্রী ডা. দীপু মনিকে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পরিপ্রেক্ষিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন।
দীপু মনির প্যারোলের জন্য আবেদন করেন তার মেয়ে তানি দিপাবলি নেওয়াজ। বুধবার দুপুরে মায়ের সঙ্গে দেখা করতে তিনি কারাগারে যান। পরে দুপুর পৌনে ২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে প্যারোলের আবেদন জমা দেন। আবেদনটি অনুমোদনের পর ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।
জানা গেছে, দীপু মনির পক্ষ থেকে চার দিনের প্যারোলের আবেদন করা হয়েছিল। তবে কর্তৃপক্ষ তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছে।
বর্তমানে দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।
দীপু মনি সমাজকল্যাণ ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য।