এখনকার মতো গণমাধ্যম চর্চার সুযোগ আগে ছিল না

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

মুক্তমন রিপোর্টার : বর্তমান সরকারের আমলের মতো এত স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে আর কোনো সময় ছিল না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। তবে যারা এই পেশাকে ‘ফ্যাসিবাদের দালালে’ পরিণত করতে চান, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা প্রয়োজন।

তিনি বলেন, রাজনৈতিক ক্ষমতাকে প্রশ্ন করার যে অধিকার ও ক্ষমতা গণমাধ্যমের রয়েছে, তার যেন অপব্যবহার না হয়, সে বিষয়েও গণমাধ্যমকর্মীদের সতর্ক থাকতে হবে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ক্ষমতা জনগণের সেবায় ব্যবহার না হলে ৫ আগস্টের মতো পরিণতি ডেকে আনতে পারে। তাই গণমাধ্যমকে কোনো ‘ফ্যাসিস্ট’ বা দুর্বৃত্তের স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকদের দায়িত্বশীলতার ওপরও গুরুত্ব দেন তথ্যমন্ত্রী। রাজনৈতিক ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমকে কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি কোনো পক্ষের স্বার্থে ব্যবহৃত না হওয়ার প্রত্যাশা জানান তিনি।