গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলার প্রধান অভিযুক্ত মো. রাশেদুল ইসলাম ওরফে উকিলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-১৩-এর যৌথ আভিযানিক দল।

শনিবার (১ আগস্ট) ভোররাতে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কৈকুড়ী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকার সুলতান মার্কেটের জিএমএস গেটসংলগ্ন সালাম কলোনিতে ঘটনাটি ঘটে।

অভিযোগ অনুযায়ী, গার্মেন্টসকর্মী এক নারীর ১১ বছর বয়সী মেয়েকে বাসায় একা পেয়ে তার আপন খালু রাশেদুল ইসলাম জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।

এ ঘটনায় শিশুটির মা কাশিমপুর থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগের ভিত্তিতে কাশিমপুর থানায় ধর্ষণের মামলা রুজু করা হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর র‌্যাব-১-এর অধিনায়কের নির্দেশনায় অভিযুক্তকে গ্রেপ্তারে র‌্যাব-১-এর সিপিএসসি ক্যাম্পের একটি দল ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১-এর সিপিএসসি গাজীপুর ক্যাম্প এবং র‌্যাব-১৩-এর সদর কোম্পানীর যৌথ দল শনিবার ভোর প্রায় ৩টার দিকে পীরগঞ্জের কৈকুড়ী মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।