মুক্তমন রিপোর্ট: শিশুদের অনলাইন নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, মেটার প্ল্যাটফর্মগুলো শিশুদের ক্ষতির ঝুঁকি তৈরি করেছে এবং প্রতিষ্ঠানটি অনলাইন শিকারিদের হাত থেকে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় ব্যর্থ হয়েছে।
এর আগে মার্চ মাসে একটি জুরি বোর্ড মেটাকে দায়ী করে অঙ্গরাজ্যকে ৩৭৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। পরবর্তী সময়ে বিচারক ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে ৫৬৭ মিলিয়ন ডলার নির্ধারণ করেন।
তবে আদালতের এই রায়ের সঙ্গে একমত নয় বলে জানিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবে।
মেটার পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত কাজ করছে এবং ক্ষতিকর ব্যক্তি ও কনটেন্ট শনাক্ত করে অপসারণের বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
২০২৩ সালে নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার বিরুদ্ধে মামলা করেন। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা শিশুদের অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করতে যথেষ্ট ব্যবস্থা নেয়নি।
মামলার শুনানিতে প্রসিকিউটরদের অভিযোগ ছিল, মেটার অ্যালগরিদম কিশোরদের তৈরি কনটেন্টের দিকে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের আকৃষ্ট করেছে এবং তরুণদের ঝুঁকি সম্পর্কিত অভ্যন্তরীণ তথ্য গোপন করেছে।