মুক্তমন রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৭ আগস্ট) ভোররাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের একটি বাঁশবাগানে অভিযান চালায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর চকপাড়া বিওপির বিশেষ টহল দল।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে আনুমানিক ১ দশমিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৭ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ১ হাজার ৬৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।