নিয়ন্ত্রণ হারিয়ে বাজার ও শ্রমিকদের ওপর উঠে পড়ে এসি বাস

বাস দুর্ঘটনায় নিহত ৬, আহত ২৫

বগুড়া-নওগাঁ সড়কে দুর্ঘটনাকবলিত বাস ও উদ্ধার অভিযান
বগুড়া-নওগাঁ সড়কে দুর্ঘটনাকবলিত বাস ও উদ্ধার অভিযান

মুক্তমন রিপোর্ট: বগুড়ার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ থেকে ২৫ জন।

শুক্রবার (৭ আগস্ট) ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী’ পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা কৃষিশ্রমিক ও স্থানীয় বাজারে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেপরোয়া গতির বাসটি এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে বাসটি রাস্তার পাশে থাকা শ্রমিক ও বাজারে থাকা মানুষের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

এ ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালান এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।