মুক্তমন রিপোর্টার : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নিতে ইরানকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটির আইনি প্রতিনিধিদল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চালানো আগ্রাসী কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত একাদশ ব্রিকস আইনি ফোরামের ফাঁকে ইরানের জুডিসিয়ারি বার অ্যাসোসিয়েশন সেন্টারের প্রধান হাসান আবদোলিয়ানপুরের সঙ্গে দক্ষিণ আফ্রিকার আইনি প্রতিনিধিদলের প্রধান ম্যাকিনির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আইনি সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং আন্তর্জাতিক আদালতে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন প্রতিনিধিরা।
ইরানি জনগণের প্রতি দক্ষিণ আফ্রিকার সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করে ম্যাকিনি বলেন, ইরানের বিরুদ্ধে যেসব আগ্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে, সেগুলো আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আন্তর্জাতিক আইনি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার করা মামলার বিষয়টি উল্লেখ করেন।
ম্যাকিনি বলেন, আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরানের সঙ্গে সহযোগিতা করা সম্ভব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অপরাধের অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও তেহরানের সঙ্গে কাজ করতে দক্ষিণ আফ্রিকা প্রস্তুত।
বৈঠকে আবদোলিয়ানপুর ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগে ইসরায়েলি নেতাদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দুই দেশের আইনি সহযোগিতা শুধু আলোচনা ও মতবিনিময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব ও ধারাবাহিক পদক্ষেপে রূপ দেওয়া প্রয়োজন।
ব্রিকস আইনি ফোরামের এই বৈঠক দুই দেশের মধ্যে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার ইস্যুতে সহযোগিতা আরও গভীর করার সম্ভাবনা তৈরি করেছে।