মুক্তমন রিপোর্ট : লিবিয়ার ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদ ও মানবিক প্রক্রিয়ায় দেশে ফেরানো হয়।
মঙ্গলবার ভোর ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে প্রত্যাবাসিত বাংলাদেশিরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাদের মধ্যে তিনজন নারী, একজন শিশু এবং ১৫ জন গুরুতর অসুস্থ ব্যক্তি রয়েছেন।
দূতাবাস সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় এসব বাংলাদেশি অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। সমুদ্রযাত্রার সময় তারা লিবীয় কর্তৃপক্ষের হাতে আটক হন। এরপর দীর্ঘদিন গ্যানফুদা ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে মৌলিক সুবিধা ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত অবস্থায় ছিলেন।
লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ১৭৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। একই সঙ্গে বেনগাজী ও ত্রিপোলির অন্যান্য বন্দিশালায় আটক বাংলাদেশিদের পরিচয় যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর আগে গত ৭ আগস্ট একই প্রক্রিয়ায় ৩৪০ বাংলাদেশি দেশে ফিরেছিলেন। ফলে চলতি আগস্ট মাসে লিবিয়া থেকে মোট ৫১৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
এদিকে, মানব পাচারকারী ও দালালদের প্রলোভনে না পড়ে বৈধ ও সরকারি অনুমোদিত পথে বিদেশ যাওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।