মুক্তমন রিপোর্ট : বাংলাদেশে লিথুয়ানিয়ার ভিসা সেন্টার চালুর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিসিয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।
সোমবার (১৭ আগস্ট) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ঢাকায় লিথুয়ানিয়ার একটি ভিসা সেন্টার স্থাপনের প্রস্তাব।
বর্তমানে লিথুয়ানিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশি কর্মী ও শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ার জন্য বিভিন্ন ধরনের জটিলতার মুখোমুখি হতে হয়। ঢাকায় সরাসরি ভিসা সেন্টার চালু হলে আবেদন প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি সময় ও ভ্রমণ ব্যয় কমতে পারে।
বৈঠকে বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদের সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন হুমায়ুন কবির। তিনি বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগের জন্য লিথুয়ানিয়ার প্রতি আহ্বান জানান।
এ সময় লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের শিক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের মধ্যে শিক্ষা, দক্ষ জনশক্তি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার চালু হলে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মপ্রত্যাশীদের জন্য ইউরোপের এই দেশটিতে যাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল হওয়ার সুযোগ তৈরি হতে পারে।