খাদ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ সীমা ২ শতাংশ নির্ধারণ করল বিএসটিআই

খাদ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ সীমা ২ শতাংশ নির্ধারণ করল বিএসটিআই

মুক্তমন রিপোর্ট : হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে খাদ্যপণ্যে শিল্পজাত ট্রান্স ফ্যাটি অ্যাসিড (TFA) নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)। এর অংশ হিসেবে বিভিন্ন খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ সীমা ২ শতাংশ নির্ধারণ করে নতুন বাংলাদেশ স্ট্যান্ডার্ড (BDS) প্রণয়ন করা হয়েছে।

নতুন এই মানের আওতায় ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছা সেমাই, ডেকোরেটেড কেক, চিপস ও চানাচুরসহ বিভিন্ন খাদ্যপণ্য রয়েছে।

সোমবার ঢাকার তেজগাঁওয়ে BSTI প্রধান কার্যালয়ে ‘Promoting TFA-free Edible Oil and PHO Production in Bangladesh’ শীর্ষক অংশীজন পরামর্শ সভায় এসব তথ্য জানানো হয়। BSTI ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে সভাটির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BSTI মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবদুল আলীম সভায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন।

সভায় বিভিন্ন ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তাদের মধ্যে বসুন্ধরা গ্রুপ, সিটি গ্রুপ, টিকে গ্রুপ, বাংলাদেশ এডিবল অয়েল ও মেঘনা গ্রুপের প্রতিনিধিরাও ছিলেন। পাশাপাশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

BSTI-এর কৃষি ও খাদ্য বিভাগের উপপরিচালক এনামুল হক ‘SDG Urgency in Controlling Non-Communicable Diseases and Government Priorities’ শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরেন।

সভায় BSTI মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, নিরাপদ ও ট্রান্স ফ্যাটমুক্ত খাদ্য নিশ্চিত করতে উৎপাদক ও ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিল্প খাতের বাস্তবতা, প্রযুক্তিগত সক্ষমতা ও উৎপাদন প্রক্রিয়া বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

বিশ্বব্যাপী শিল্পজাত ট্রান্স ফ্যাটি অ্যাসিড হৃদরোগ ও অন্যান্য অসংক্রামক রোগের অন্যতম ঝুঁকিপূর্ণ কারণ হিসেবে বিবেচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও খাদ্য সরবরাহ ব্যবস্থা থেকে ট্রান্স ফ্যাট নির্মূলকে অকালমৃত্যু প্রতিরোধের কার্যকর ও ব্যয়সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে বিবেচনা করে।

বাংলাদেশ সরকার ইতোমধ্যে ‘Trans Fatty Acids (TFA) in Foodstuffs Control Regulations, 2021’ প্রণয়ন করেছে। এসব বিধিমালার কার্যকর বাস্তবায়নের অংশ হিসেবে BSTI বনস্পতি ও নন-ডেইরি ভেজিটেবল ঘির জাতীয় মানও সংশোধন করেছে।

সংশোধিত মানে ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে আধুনিক বিভিন্ন শর্ত যুক্ত করা হয়েছে। এর লক্ষ্য হলো দেশে ট্রান্স ফ্যাটমুক্ত খাদ্যপণ্য উৎপাদনের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা।